‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের

0
দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্যে বাধা বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সাথে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জোট নেতারা।। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে জানান, অন্য দেশের অভ্যন্তরীণ স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশের পথ অবরুদ্ধ বা আটকে রাখা যাবে না।

প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বজুড়ে একপাক্ষিক ক্ষমতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না মেনে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা-বাণিজ্য ও অবাধ আলোচনার পরিবেশ বজায় রাখার তীব্র আহ্বান জানান।

একই সাথে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনের এই শীর্ষ নেতা। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর এবং তা কেবল সাধারণ মানুষের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দিল্লিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি উপস্থিত ছিলেন।

সম্মেলনের সূচনাতেই সব দেশকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন স্বাগতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক এবং আন্তর্জাতিক অর্থনীতির প্রায় ৪০ শতাংশ এখন ব্রিকস জোটের হাতে। ক্ষমতার পুরোনো একক নিয়ম ভেঙে এমন একটি বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি, যেখানে ছোট-বড় সব দেশের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

সূত্র: এএফপি।