অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচও থেকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের পদত্যাগ

0
অনিয়ম ও সনদ জালিয়াতির অভিযোগের তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।। ফাইল ছবি: সংগৃহীত

অনিয়ম ও সনদ জালিয়াতির অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।

গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। বার্তা সংস্থা রয়টার্স পদত্যাগপত্রটি দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও পদত্যাগপত্রে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান শুরু হয়। দুদক তদন্ত শুরু করার পর ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে অবৈতনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। গতকাল পর্যন্ত তিনি ওই ছুটিতেই ছিলেন।

গত ৩ জুলাই এক চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা জানান, চীন সফরে ৯০১ ডলারের প্রশাসনিক ভুল এবং অটিজম বিষয়ক কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির তথ্য নিয়ে আনীত অভিযোগ তিনি ডব্লিউএইচও প্রধানকে আগেই অবহিত করেছিলেন। এছাড়া ঢাকায় জমি অধিগ্রহণের অনিয়ম প্রসঙ্গে সায়মা জানান, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তৎকালীন আইনের আওতায় তিনি ওই জমি পেয়েছিলেন।

পদত্যাগপত্রে ডব্লিউএইচও প্রধানের উদ্দেশ্যে সায়মা ওয়াজেদ লেখেন, দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং দীর্ঘ সময় বিনা বেতনে ছুটিতে রাখার কারণে সংস্থার নেতৃত্বের ওপর তাঁর কোনো আস্থা নেই। পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অভিযোগ ও পদত্যাগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শূন্য হওয়া এ পদে আগামী ১২ অক্টোবর মনোনয়ন ঘোষণা করা হবে এবং ২৪ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।