অনলাইনে আজ থেকে জমা দেওয়া যাবে ই-রিটার্ন

0
২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা দিলে প্রদেয় করে ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা ছাড় পাবেন করদাতারা।। ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
করসেবা সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd)-এ প্রবেশ করে সরাসরি তাঁদের ই-রিটার্ন জমা দিতে পারবেন।

এর আগে ২০২১ সালে পদ্ধতিটি চালু হওয়ার পর গত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, বেশিরভাগ সাধারণ করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদের মাধ্যমে প্রমাণিত বিশেষ চাহিদাসম্পন্ন বা শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া নিবন্ধনজনিত সমস্যায় অনলাইনে ব্যর্থ করদাতারা অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুবিধা পাবেন।

করদাতারা ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং বিকাশ, রকেট, নগদের মতো যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অনলাইন কর পরিশোধ করতে পারবেন। নির্ভুল তথ্য প্রদান করে রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে ই-সিস্টেম থেকেই প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

প্রণোদনার অংশ হিসেবে, ২০২৬-২৭ করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ই-রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে সেপ্টেম্বর পরবর্তী সময়ে সাধারণ নিয়ম প্রযোজ্য হবে এবং ডিসেম্বর মাসের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।