জুনে বাড়ল অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম, অপরিবর্তিত ডিজেল

অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে

0

লোকসমাজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সমন্বয়কৃত নতুন মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল সরকার জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছিল। সে সময় প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ও পুরোনো দামের তুলনা

জ্বালানি আগের মূল্য (টাকা/লিটার) নতুন মূল্য (টাকা/লিটার)
ডিজেল ১১৫ ১১৫
পেট্রোল ১৩৫ ১৪০
অকটেন ১৪০ ১৪৫
কেরোসিন ১৩০ ১৩৫