ইয়াবার বিস্তার উদ্বেগজনক

ইয়াবা কারবারে জনপ্রতিনিধিও, চার জেলায় আটক ১০

0
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়াবার বিস্তার
কোলাজ : লোকসমাজ

লোকসমাজ প্রতিবেদন : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়াবার বিস্তার ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এর সাম্প্রতিক উদাহরণ মিলেছে গত ২৪ ঘণ্টায় যশোর, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলায় পৃথক অভিযানে ১০ জনকে আটক এবং ৪০৮ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ইউনিয়ন পরিষদের সদস্য থাকায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার সত্ত্বেও ইয়াবা পাচার ও বাণিজ্য থেমে নেই। বরং সহজে বহন ও বিক্রয়যোগ্য হওয়ায় এই মাদকদ্রব্যটি পাচারকারী, বিক্রেতা ও সেবনকারীদের কাছে প্রিয় হয়ে উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ ক্ষেত্রে ধরা পড়ছেন বহনকারী, খুচরা বিক্রেতা বা সেবনকারীরা। তবে মাদক ব্যবসার মূল অর্থদাতা ও নিয়ন্ত্রকরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের পরও মাদকের মূল নেটওয়ার্ক অক্ষত থেকে যাচ্ছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে যশোরের শার্শা সীমান্তে ৪৬ পিস ইয়াবাসহ দুই ইউপি সদস্যসহ চারজন, খুলনার ডুমুরিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ একজন, ঝিনাইদহের শৈলকূপায় ৭০ পিস ইয়াবাসহ চারজন এবং সাতক্ষীরার কলারোয়ায় ৪২ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়াবার বিস্তার
বুধবার দুপুরে যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ – লোকসমাজ

শার্শায় দুই ইউপি সদস্যসহ আটক ৪
আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) থেকে জানান, যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের আব্দুস সালাম (৪৩), কাদপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং দেলোয়ার হোসেন (৩৬)।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়াবার বিস্তার
খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ আটক অপূর্ব – লোকসমাজ

ডুমুরিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ আটক ১
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার ডুমুরিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ হৃদয় অধিকারী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার রাতে আঠারোমাইল-পাইকগাছা সড়কের বেতাগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামের রঞ্জিত অধিকারীর ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় অধিকারী স্থানীয় আরেক ব্যক্তি জাকির হোসেনের সঙ্গে মাদক পাচারচক্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শৈলকূপায় ইয়াবাসহ আটক ৪
শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকূপায় ৭০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রয়েড়া মাঠ এলাকায় একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শৈলকূপা থানার এসআই তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা হলেন ঘেরমালিক খায়রুল ইসলাম, ওয়াদুদ হোসেন, মনির হোসেন এবং জীবন হোসেন।
কলারোয়ায় ইয়াবাসহ আটক ১
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কলারোয়ায় মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে ৪২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবক্স খুলশী মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার দিগং গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।