দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

প্রস্তুতি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

0
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

লোকসমাজ ডেস্ক ॥ জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৩ জুন জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়েছে, সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট থাকায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। শয্যা সংখ্যা বাড়ানো হলে উপজেলা পর্যায়েই আরও বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এতে জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। পরিদর্শনের সময় অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সুযোগ, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি রোগীদের জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে জারি করা অফিস আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে নির্দেশনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।