২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

0

লোকসমাজ ডেস্ক: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল এ মেলার আয়োজন করছে।

মেলায় দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি, আইইএলটিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিমূলক কেন্দ্র এবং শিক্ষা ও ক্যারিয়ারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় একই স্থানে শিক্ষার্থী ও অভিভাবকেরা দেশে-বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা, বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম, শিক্ষার্থী ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষা পরামর্শক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পছন্দ, যোগ্যতা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোর্স সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। বিনা মূল্যে টিকিট সংগ্রহ এবং মেলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে fairconvener.com ওয়েবসাইটে।

এদিকে আন্তর্জাতিক শিক্ষা মেলায় শিক্ষা, প্রশিক্ষণ ও ক্যারিয়ারসংশ্লিষ্ট বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্টল নেওয়ার সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—

  • এডুকেশন কনসালটেন্সি ও স্টুডেন্ট ভিসা এজেন্সি
  • দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ
  • আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র
  • বই প্রকাশনা প্রতিষ্ঠান ও শিক্ষাবিষয়ক বইয়ের দোকান
  • ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি
  • ক্যারিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান
  • ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও বিমা প্রতিষ্ঠান

আয়োজকদের প্রত্যাশা, এ শিক্ষা মেলার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য পাবেন। একই সঙ্গে শিক্ষা ও ক্যারিয়ারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।