যশোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আধাকেজি হেরোইনের মামলায় আবুল হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আবুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আবুল হোসেন আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শরীফ হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে যশোরে যাওয়ার জন্য বাসের জন্য স্থানীয় লোকাল বাসস্ট্যান্ডে অবস্থান করছেন।

খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আবুল হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুঙ্গির ভেতরে লুকিয়ে রাখা ১শ গ্রামের ৫টি পলিপ্যাকে রাখা ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন এসআই শরীফ হাবিবুর রহমান। এরপর মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হন আবুল হোসেন।

এই মামলায় আসামি আবুল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।