বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

0
কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক উচ্চপর্যায়ের বৈঠক ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের দৃশ্য।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী এই দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয় এবং আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবং এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে।

এছাড়া গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং বিমান চলাচল খাতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়া নিয়ে মতবিনিময় হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।