শৈবাল রহমান : একদিকে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ১৪ বছরের শিশু, অন্যদিকে হাসপাতালের বাইরে সন্তানের সুস্থতার জন্য অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করছেন মা। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আজিজুল ইসলাম সিয়ামের মা সোনিয়া আক্তারের কান্না যেন সহিংসতার নির্মম পরিণতির এক করুণ প্রতিচ্ছবি। সন্তানের জীবন বাঁচাতে মায়ের এই অসহায় আকুতি আমাদের আবারও মনে করিয়ে দেয়, রাজনৈতিক সংঘাত ও সহিংসতার আগুনে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পুড়ে যায় নিরপরাধ মানুষ।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর সামনে ছেলের সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন সোনিয়া আক্তার। ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ ও আহত আজিজুলসহ ৬৩ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একটি মাদ্রাসায় শিশু-কিশোরদের এমন দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্যই গভীর উদ্বেগের।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, সড়ক অবরোধ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। জনবহুল এলাকায় আগুন কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটলে তার শিকার কে হবেন, তা আগে থেকে নির্ধারণ করা যায় না। ফলে রাজনৈতিক বিরোধ বা কোনো পক্ষের কর্মসূচির সঙ্গে যুক্ত না থেকেও সাধারণ মানুষ জীবন ও সম্পদের ঝুঁকিতে পড়ছেন।

অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে না বলতে হবেমঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। একই সঙ্গে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ হয়। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই পোশাকশ্রমিক আহত হন।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়েও দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় লগি-বৈঠা হাতে স্লোগান দিয়ে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কারণ, প্রতিটি ঘটনাই জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলে।

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, দাবি আদায়ের আন্দোলনও হবে। সভা-সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ নাগরিকের গণতান্ত্রিক অধিকার। শ্রমিকের ন্যায্য মজুরি দাবি কিংবা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর কিংবা মানুষের জীবনহানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গণতান্ত্রিক অধিকারের চর্চা আর জনজীবন বিপন্ন করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্য মুছে গেলে গণতান্ত্রিক পরিবেশই ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব দেশের অর্থনীতিতেও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। রাজনৈতিক সহিংসতা ও নাশকতা এই স্থিতিশীলতাকে ব্যাহত করে। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিল্পকারখানা ও বিনিয়োগ—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মাশুল শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই।

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো অতীতের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিও ফিরিয়ে আনছে। গত দেড় দশকে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। গণপরিবহনে আগুন, সড়কে বিস্ফোরণ কিংবা জনবহুল এলাকায় সহিংসতার কারণে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশবাসী নিশ্চয়ই সেই অনিরাপদ পরিস্থিতিতে ফিরে যেতে চায় না।