সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল চিংড়ি বিনষ্ট; জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা

0
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ
সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় বিজিবি ৮২০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ উদ্ধার করে বুধবার সন্ধ্যায় -লোকসমাজ

সাতক্ষীরা সংবাদদাতা, লোকসমাজ : সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় বিজিবির অভিযানে ৮২০ কেজি জেলি পুশ করা ভেজাল চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি মৎস্য সেটের ব্যবস্থাপককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে জব্দ করা চিংড়িগুলো বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।

বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী চিংড়িবাহী যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত সাতক্ষীরার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার বিষয়টি শনাক্ত করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযানের সময় একটি মৎস্য সেটের চিংড়িতে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবস্থাপককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রায় ৮২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রসিকিউশন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত চিংড়িগুলো বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। জেলা প্রশাসন ভবিষ্যতেও ভেজাল খাদ্য ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অভিযান শেষে বুধবার রাতে বিনেরপোতা ব্রিজের ওপর ট্রাকের চাপায় চিংড়িগুলো পিষ্ট করে ধ্বংস করা হয়। পরে সেগুলো বেতনা নদীতে ফেলে দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জেলি পুশ করা চিংড়ি শুধু আইন লঙ্ঘনের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের চিংড়ি মানুষের খাদ্যে বিষক্রিয়া ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি রপ্তানিযোগ্য বাংলাদেশের চিংড়ির সুনাম ক্ষুণ্ন হলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।