পাইকগাছা জামায়াতের রুকন মহিবুল্লাহ বহিষ্কার

দলীয়ভাবে মোমিন উদ্দীনকে রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর থেকেই মহিবুল্লাহর সঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ মতবিরোধ সৃষ্টি হয়

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ :
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতের সদস্য (রুকন) এস কে মহিবুল্লাহকে সদস্যপদ (রুকনিয়াত) থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ এমরান হুসাইন স্বাক্ষরিত ২৭ মে তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে এস কে মহিবুল্লাহর সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সব দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এস কে মহিবুল্লাহ পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বাসিন্দা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। একই ইউনিয়নে প্রভাষক মোমিন উদ্দীনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয়ভাবে মোমিন উদ্দীনকে রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর থেকেই মহিবুল্লাহর সঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ মতবিরোধ সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এস কে মহিবুল্লাহ দাবি করেছেন, তাকে বহিষ্কার করার আগেই তিনি গত ১১ মে দল থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন।

এদিকে বহিষ্কারের সিদ্ধান্তের অনুলিপি উপজেলা জামায়াতের আমির, রাড়ুলী ইউনিয়ন জামায়াতের আমির এবং বহিষ্কৃত মহিবুল্লাহর কাছে পাঠানো হয়েছে।