বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

নিহতদের ভাতিজা রাজিব বাছাড় জানান, সকালে দুই কাকা বাড়ির অদূরের ধানক্ষেতে কাজ করতে যান। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং আবহাওয়া ছিল প্রতিকূল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অপরদিকে মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।