চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বাসিপঁচা খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চলে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তিনটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। খাবারে শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ ও অননুমোদিত রঙ ব্যবহারের দায়ে মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী ওয়াজেদ আলী স্বপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরির দায়ে জসিম হোটেলের মালিক জসিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মেসার্স জিহাদ স্টোরের স্বত্বাধিকারী মফিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেগমপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।