কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন বলে বিজিবি জানিয়েছে

0
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা

 লোকসমাজ ডেস্ক : কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদীপথ ব্যবহার করে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির টহলদল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের প্রবেশে বাধা দেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

ওই ৮ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন বলে বিজিবি জানিয়েছে। সীমান্তে নিয়োজিত বিজিবির টহলদল সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক পদক্ষেপের ফলে পুশইনের প্রচেষ্টা সফল হয়নি। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিরা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।