কয়রায় গরু নিয়ে হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

0

কয়রা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ :
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গরুর হাটে গরু নিয়ে যাওয়ার পথে নসিমন উল্টে মিজানুর রহমান (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ৭ বছর বয়সী শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে।

আহতরা হলেন— নিহতের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার গাজী।

কয়রা থানার পুলিশ পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে লালন-পালন করা গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া গরুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তার সঙ্গীরা। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন। এ সময় তার শিশুসন্তানসহ আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত শিশু হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় রেফার করেন। এছাড়া একজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডালটন সানা জানান, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছিল। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়েছে।