সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গ্রেপ্তার ব্যক্তি মো. সাঈদ মেহেদী (৩০)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানিয়েছে, তিনি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সিপিসি-৩ (যশোর) এবং সিপিসি-১ (সাতক্ষীরা) ক্যাম্পের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, নিহত আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদীর মধ্যে প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো। এ সময় সাঈদ মেহেদী স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৩ মে সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিমের প্রতিবেশী ও নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা খুশির কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর নিহতের বাবা ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাঈদ মেহেদীকে প্রধান আসামি করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।