খাজুরায় যুবদল কর্মী রুবেল হত্যা: ৪ জনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় যুবদল কর্মী রুবেল হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি তেলিধান্যপাড়া গ্রামের রাব্বি। তবে অন্য আসামিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খাজুরা তেলপাম্প সংলগ্ন ট্রাকের ওজন পরিমাপ কেন্দ্রের সামনে পূর্বশত্রুতার জেরে রাব্বিসহ কয়েকজন রুবেল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।