ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্নে জ্বালানি খাতই মেরুদণ্ড : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি ও খনিজসম্পদ খাতই দেশের মূল মেরুদণ্ড।

বুধবার কালীগঞ্জ উপজেলা-এর কামতা-২ নম্বর কূপের স্পাড-ইন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে। এতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাজীপুরের কালীগঞ্জে কামতা-২ গ্যাস কূপের স্পাড-ইন কার্যক্রম উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
কালীগঞ্জের কামতা-২ নম্বর কূপের স্পাড-ইন কার্যক্রম উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত- লোকসমাজ

তিনি আরও বলেন, সরকার এমন একটি পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপগুলো সচল রাখার কাজও চলমান রয়েছে। কামতা-২ এবং তিতাস-এর আরও তিনটি কূপসহ মোট চারটি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ দেশের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রকৌশলী ও বিশেষজ্ঞরা অত্যন্ত মেধাবী, উচ্চশিক্ষিত ও দক্ষ। সরকার তাদের এই দক্ষতাকে কাজে লাগাতে চায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, এ কে এম মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী মো. আবদুল জলিল, এ কে এম জসীম উদ্দিন এবং লিও শাওমিং প্রমুখ।