যবিপ্রবিতে ওরিয়েন্টেশনের দিনে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয় বুধবার -লোকসমাজ

যবিপ্রবি সংবাদদাতা, লোকসমাজ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনের প্রথম দিনেই নানা ধরনের অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার না পাওয়া, খাবারের মান নিয়ে অসন্তোষ এবং ক্যাফেটেরিয়ায় প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন নবীন ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বই ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ তুলে দিতে পারেনি প্রশাসন। সাধারণত ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, নিয়মকানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দিতে এই ক্যালেন্ডার সরবরাহ করা হয়।

এ বিষয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্যসচিব নিত্যানন্দ পাল বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার ছাপানোর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হয়। এবারের ক্যালেন্ডারটি মাত্র দুই দিন আগে অনুমোদন পেয়েছে। ফলে ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি। খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে এটি পৌঁছে দেওয়া হবে।”

কাউন্সিলের অনুমোদনে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিল কবে অনুষ্ঠিত হবে, সেটি প্রশাসনিক সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই।”

যবিপ্রবিতে ওরিয়েন্টেশনের দিনে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয় বুধবার – লোকসমাজ

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ভাত, ডাল, খাসির মাংস ও ডিমের ব্যবস্থা করা হলেও খাবারের মান নিয়ে অভিযোগ ওঠে। কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, খাবারের কিছু অংশ আগের রাতে রান্না করা হয়েছিল এবং ডাল টক হয়ে গিয়েছিল।

নবীন শিক্ষার্থী মো. ইসতিয়াক কবির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সবকিছু ঠিকঠাক, শুধু ডালটা একটু টক হয়ে গেছিলো গরমে।”

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সিয়াম লিখেছেন, “এত সুন্দর প্যাকেজিং দিলেন, আবার খাবার দিলেন এমন? বিএমডাব্লিউয়ের বডিতে সুজুকির ইঞ্জিন—ব্যাপারটা এমন হয়ে গেলো না?”

অভিযোগের বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, “অতিরিক্ত গরমের কারণে ডালে সমস্যা হয়ে থাকতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালো খাবার দেওয়ার।”

যবিপ্রবিতে ওরিয়েন্টেশনের দিনে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে দেওয়া খাবারে থাকা পোকা দেখাচ্ছেন এক শিক্ষার্থী- লোকসমাজ

এদিকে ওরিয়েন্টেশনের পর নবীন শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়ায় খাবার নিয়ে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগও ওঠে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া খাবারের প্যাকেট নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে খেতে গেলে গেট থেকে তাদের বলা হয়, ‘এখানে বাইরের খাবার অ্যালাউ না’।

এক নবীন শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন এমন অভিজ্ঞতার মুখোমুখি হবো, তা ভাবিনি। বিষয়টি আমাদের জন্য হতাশাজনক।”

তবে অভিযোগ অস্বীকার করে ক্যাফেটেরিয়া পরিচালক মামুন বলেন, “শিক্ষার্থীদের খাবার গ্রহণে কোনো বাধা দেওয়া হয়নি। অনেকেই ক্যাফেটেরিয়ায় বসে খাবার খেয়েছেন। অতিরিক্ত ভিড় এড়াতে কিছু শিক্ষার্থীকে ওপরের তলা বা বাইরের স্থান ব্যবহারের অনুরোধ করা হয়েছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বাইরে থেকে খাবার এনে খাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার সুযোগ নেই। ওরিয়েন্টেশনের দিন এমন অভিযোগ ওঠা দুঃখজনক। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”