ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রেস কনফারেন্স: নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার তাগিদ

0
যশোরের ঝিকরগাছায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'ফ্যামিলি কার্ড কর্মসূচি'র তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীর নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় রোববার (১২ অক্টোবর) দুপুর ২টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগী নির্বাচনের মানদণ্ড এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক স্থানীয় সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অবহিতকরণ প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুল, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীর একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অবহিতকরণ প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং একই সাথে এই তথ্য সংগ্রহ কার্যক্রমকে সর্বাত্মকভাবে সফল করতে উপস্থিত সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।