চুয়াডাঙ্গার গয়েশপুরে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

0
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ৪টি অবৈধ স্বর্ণের বারসহ সেলিম হোসেন নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ তাঁকে আটক করা হয়। আটক সেলিম হোসেন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণ বহন কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়েছে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ২টা ৪৭ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে যাত্রীছাউনির সামনে উক্ত অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করা হয়।

আটকের পর বিজিবি টহল দল তল্লাশি চালিয়ে তাঁর ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে বিশেষ কৌশলে রাখা ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম, যার বাজার তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণ, ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকসহ জব্দ করা মালামালের সর্বমোট তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, জব্দ করা মালামালসহ আটক সেলিম হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।