যশোরে চার মাসে বেড়েছে প্রায় ১২ হাজার ভোটার

৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ

0

তহীদ মনি, লোকসমাজ : যশোরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চার মাসে ভোটার বেড়েছে প্রায় ১২ হাজার। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির ভোটার তালিকার তুলনায় চলতি বছরের ২৪ জুন পর্যন্ত জেলায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১১ হাজার ৯৫৯ জন। তবে ভোটার তালিকা প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেইজে নিবন্ধিত ব্যক্তিদের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সূত্রমতে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় যশোরে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং হিজড়া ভোটার ২৫ জন।

অন্যদিকে, চলতি বছরের ২৪ জুন প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৪৬ হাজার ১৫১ জন, নারী ১২ লাখ ৩৭ হাজার ৬৯২ জন এবং হিজড়া ভোটার ২৪ জন। সেই হিসাবে চার মাসে ভোটার বেড়েছে ১১ হাজার ৯৫৯ জন।

নতুন তালিকা অনুযায়ী জেলার ৮টি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪৯২ জন, নারী ১ লাখ ৯০ হাজার ৪৩৮ জন এবং হিজড়া ভোটার ৯ জন। এছাড়া জেলার ৯৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ লাখ ১০ হাজার ৯২৮ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৩ হাজার ৬৫৯ জন, নারী ১০ লাখ ৪৭ হাজার ২৫৪ জন এবং হিজড়া ভোটার ১৫ জন।

জেলা নির্বাচন অফিস সূত্র আরও জানায়, আগামী ৪ আগস্ট হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হবে। ৯ আগস্ট প্রকাশ করা হবে ছাপানো খসড়া তালিকা। এরপর ২৪ আগস্ট পর্যন্ত তালিকা সংশোধন, দাবি বা আপত্তির আবেদন গ্রহণ করা হবে। ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এদিকে ভোটার নিবন্ধন কার্যক্রম চললেও এ বিষয়ে তেমন কোনো প্রচার-প্রচারণা নেই বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। মঙ্গলবার যশোর সদর উপজেলা নির্বাচন অফিসে ফরম জমা দিতে আসা কয়েকজন আবেদনকারী জানান, পরিচিতজনদের মাধ্যমে খবর পেয়ে তারা ভোটার হওয়ার আবেদন করেছেন।

যশোর জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, “ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে ছবি ও বায়োমেট্রিক তথ্য গ্রহণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা হবে।”

তিনি জানান, এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কোনো উদ্যোগ নেই। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন গ্রহণ ও যাচাই শেষে নির্বাচন কমিশন আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।