টানা তাপপ্রবাহের পর যশোরে স্বস্তির বৃষ্টি, এক ঘণ্টায় ৫৭ মিমি

কমেছে দাবদাহের তীব্রতা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন যশোরবাসী। শনিবার দুপুরের পর প্রকৃতির আকস্মিক এ পরিবর্তনে ক্লান্ত জনজীবনে ফিরে আসে প্রশান্তির ছোঁয়া। অনেকেই বাসাবাড়ির ছাদে কিংবা রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজে উপভোগ করেন স্বস্তির মুহূর্ত।

সকাল থেকেই তীব্র রোদ ও অস্বস্তিকর গরমে নাকাল ছিল জনজীবন। দুপুরের পর আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর নামে মুষলধারে বৃষ্টি।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানায়, শনিবার বেলা ৩টা ১০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত এক ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের বাকি সময়েও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া ও ঘন ঘন বজ্রপাত।

আবহাওয়া অফিসের তথ্যমতে, যশোর-ঝিনাইদহ অঞ্চল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের মেঘমালা পরে নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জের দিকে অগ্রসর হয়।

দুপুরের পর বৃষ্টির ধারায় দ্রুত কমতে থাকে তাপপ্রবাহের তীব্রতা। কয়েকদিনের দহন শেষে এ বৃষ্টি যেন স্বস্তির এক নির্মল বার্তা হয়ে আসে। দাবদাহে ক্লান্ত ও বিবর্ণ প্রকৃতিও ফিরে পেতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। বৃষ্টির পানিতে ধুলোমলিন গাছপালা ও তরুলতার পাতা আবারও হয়ে উঠেছে সজীব ও সতেজ।