যশোরে ফেনসিডিল মামলায় পিকআপচালকের যাবজ্জীবন, গাড়ি বাজেয়াপ্ত

ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপটিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল বহনের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জের পিকআপচালক মুক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপটিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের একিম আলী মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আনিসুর রহমান পলাশ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা নারায়ণপুর ত্রিপুরাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় একটি এক টন ধারণক্ষমতার কাভার্ড পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চালক মুক্তার হোসেনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন বিজিবির হাবিলদার মামুনুর রশিদ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক ফিরোজ উদ্দিন মুক্তার হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।