যশোরে ফেনসিডিল মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

সাজাপ্রাপ্ত মামনী খাতুন শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে ফেনসিডিল উদ্ধারের একটি মামলায় মামনী খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফছা এ রায় ঘোষণা করেন।

এপিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল জানান, আসামি মামনী খাতুনের উপস্থিতিতে আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত মামনী খাতুন শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বড় আঁচড়া বাগে জান্নাত এলাকায় শুকুর আলীর দুই তলা ভবনে অভিযান চালান। পরে ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি শোবার ঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই সৈয়দ আলমগীর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় আসামি মামনী খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।