‘বন্দি বিনিময় চুক্তি থাকলে শেখ হাসিনাকে সরকার কেন ফিরিয়ে আনছে না?’— প্রশ্ন জামায়াত আমিরের

0

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, সে প্রশ্নের জবাব সরকারেরই দেওয়া উচিত। তিনি বলেন, সরকার কেন নিজ দায়িত্বে তাকে ফিরিয়ে আনছে না, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে তাকে ফিরিয়ে আনছে না? বরং তিনি কেন বলছেন ‘আমি ঢুকে যাবো’— এর ব্যাখ্যা সরকারই ভালো দিতে পারবে। আপনারা এ প্রশ্ন সরকারের মন্ত্রীদের কাছে রাখুন। আপনাদের মতো আমাদেরও দাবি, সরকার নিজ দায়িত্বে তাকে দেশে ফিরিয়ে আনুক।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে যে রায় হয়েছে এবং বিচারিক প্রক্রিয়াগুলো অপেক্ষমাণ রয়েছে, সেগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ তাকে দেওয়া উচিত। তবে আমরা সব সময় বলে থাকি, বিচার হতে হবে ন্যায়ভিত্তিক। আমরা কোনো অনায্য বিচার চাই না।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। আমিও যদি ভুল করি, আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যদি কার্যকর থাকে, তাহলে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশও সঠিকভাবে কাজ করবে। কিন্তু এই জায়গাটি দুর্বল হলে রাষ্ট্রের কাছে ভালো কিছু আশা করা কঠিন।”

তিনি বলেন, “সরকার ভুল করছে নাকি শুদ্ধ করছে, সেটি জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। গণমাধ্যম স্বাধীন ও শক্তিশালী থাকলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”

বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারেরও পাঁচ বছর সময় আছে, বিরোধী দলেরও পাঁচ বছর সময় আছে। এরপর জনগণই তাদের মূল্যায়ন করবে এবং রায় দেবে। আমরা জনগণের রায়ে বিশ্বাসী। বর্তমান সরকার ব্যর্থ না সফল, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। তবে অল্প সময়ের মধ্যেই জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব হতো বলে আমরা বিশ্বাস করি।”