লেবাননে ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ১৭, আহত বহু

0

লোকসমাজ ডেস্ক : লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সর্বশেষ শুক্রবার (৯ মে) দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
একই দিনে বৈরুতের উপকণ্ঠে ড্রোন হামলায় আরও ৪ জন নিহত হন। এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পৃথক হামলায় আরও অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবস্থান, অস্ত্রাগার ও সদস্যরা। তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়ছে এবং যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন সংঘাতে এখন পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ৭০০ মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা পুরোপুরি থামেনি। সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।