বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্বাধীনতার পর প্রথমবার সড়কপথে বেনাপোল দিয়ে ঢাকায় এলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেছেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার সড়কপথে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণের জন্য ঢাকায় যাচ্ছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ও তাঁর সহধর্মিণী মিনাল ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান – লোকসমাজ

ইমিগ্রেশন ও প্রটোকল সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, “ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের ২০ কোটি মানুষকে আলাদা করে দেখি না। আমাদের সম্মিলিত শক্তিই সবচেয়ে বড়। আমরা ভিসাসহ পারস্পরিক বিভিন্ন বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করব। শুধু অভিন্ন সীমান্ত নয়, আমাদের অভিন্ন স্বপ্নও রয়েছে। একই আকাশ, একই বাতাস—তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।”

নিজের দায়িত্বের অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, “আমার সবচেয়ে বড় অগ্রাধিকার বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা। আমরা সবাই ভাই-বোন। দুই দেশের মানুষের কল্যাণ ও পারস্পরিক আস্থা বৃদ্ধিই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু সীমান্তের নয়, হৃদয়েরও। দুই দেশের মানুষের স্বপ্ন ও উন্নয়ন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। গত ৫৫ বছরের বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা দীনেশ ত্রিবেদী বাংলা ভাষায় দক্ষ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাঙালি সংস্কৃতি সম্পর্কে সুপরিচিত। কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং সর্বশেষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)—বিভিন্ন রাজনৈতিক দলে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন।