বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন

বাবা হারানোর শোক, পরিবারের দায়িত্ব এবং শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সংগ্রাম—সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে তার জীবন।

0
বাবার দাফন শেষে রাতে চাকরি
বাবার দাফন শেষে রাতে চাকরি ক্ষেত্র ব্যাংকের এটিএম বুথে কর্তব্য পালনের সাথে সকালে পরীক্ষার প্রস্তুতি ইকনের - লোকসমাজ

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাবার দাফন শেষে রাতেই কর্মস্থলে ফিরতে হয়েছে। রাতভর এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে বাগেরহাটের শিক্ষার্থী ইকনকে। বাবা হারানোর শোক, পরিবারের দায়িত্ব এবং শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সংগ্রাম—সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে তার জীবন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসরাফিল দাড়িয়া (৪৫)। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন ইসরাফিল দাড়িয়া।

জোহরের নামাজের পর মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারান। ফলে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ মেটাতে তিনি বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন।

বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে যোগ দেন। রাত ১০টার দিকে তাকে এটিএম বুথে দায়িত্ব পালন করতে দেখা যায়। পরদিন সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

বাবাকে হারানোর শোক, মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং শিক্ষাজীবন অব্যাহত রাখার সংগ্রাম—সব মিলিয়ে ইকনের জীবন আজ কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। তার দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তা স্থানীয়দের মুগ্ধ ও আবেগাপ্লুত করেছে। এলাকাবাসী ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।