ঝিনাইদহে জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা, কারাগারে অয়ন রহমান

0

ঝিনাইদহ সংবাদদাতা,লোকসমাজ : ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্ত হন।

সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করে পুলিশ। একই সময় যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকেও আটক করা হয়।

পরে রাতেই তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।