চুরির জন্য ছাদে অপেক্ষা, বাধা পেতেই একে একে চারজনকে হত্যা: পুলিশ

0
চুরির উদ্দেশ্যে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার অভিযোগে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী-সহ পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস-এর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে তাঁদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়, তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।

বৃহস্পতিবার দুপুর ১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

বাড়ির ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলেন এবং বাধা দেওয়ায় প্রথমে তাঁকে হত্যা করা হয়; পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডটি মূলত চুরির উদ্দেশ্যে সংঘটিত হয় এবং এতে গামছা, দড়ি ও শারীরিক সক্ষমতার ব্যবহার হয়েছে।

তিনি বলেন, এলাকায় চাউর ছিল যে অবসরের পর ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন গণপতি চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী অনেক গয়না পরে বাড়ি থেকে বিভিন্ন সময় বের হতেন। এসব শুনে ও দেখে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ছাদ দিয়ে চুরির পরিকল্পনা করেন এবং বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তী ও পরে ক্রমান্বয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয় এবং মামলায় ৫৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।

পাঠানো নমুনার মধ্যে খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে; এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।

ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণে দুজনের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

অন্যদিকে পুলিশের ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ বাদী গোপীনাথ চক্রবর্তী বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটা খোঁড়া অজুহাত এবং এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। তিনি জানান, শুরু থেকেই তাঁরা বলে আসছেন দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়; সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের কথা গুরুত্ব পায়নি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন; প্রথমে থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী তদন্ত করলেও ২৪ আগস্ট থেকে মামলাটি তদন্ত করেন মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী।