কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

0
বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

লোকসমাজ ডেস্ক ॥ রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থী উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী হয়ে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশের বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী দেখতে পান শিক্ষামন্ত্রী। এসময় অন্য শিক্ষার্থীরা কোথায় তা জানতে চেয়ে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাননি মন্ত্রী।

জানা যায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে বিমানে রাজশাহী আসেন। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাচ্ছিলেন। পথে মহাসড়কের পাশের ওই কলেজটি আকস্মিক পরিদর্শনে নামেন মন্ত্রী। কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এর মধ্যে একটি ক্লাসে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান মন্ত্রী। অন্য শ্রেণিকক্ষে হাতেগোনা কিছু শিক্ষার্থী ছিল। তবে ক্লাসে ছাত্রদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

কলেজটি পরিদর্শনে গিয়ে এক নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ তখন ওই শিক্ষিকা জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে। আমার মোট ১৫ জন শিক্ষার্থী আছে।’

এরপর মন্ত্রী জানতে চান, ‘অন্য ছাত্রীরা আসে না কেন?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ কেন আসে না, মন্ত্রী জানতে চাইলে ওই শিক্ষক চুপ থাকেন।

এ সময় আরেক শিক্ষক দাবি করেন, অন্য শিক্ষার্থীরা এখনও শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন।

কলেজে ক্লাস শুরুর সময় জানতে চেয়েও সন্তোষজনক জবাব পাননি মন্ত্রী। শিক্ষকদের কাছে জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে।

শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন ব্যাখ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তার কলেজে শুধু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। একাদশে শিক্ষার্থীর সংখ্যা ৬৯ জন। আর দ্বাদশে শিক্ষার্থী ১৬৮ জন। গার্হস্থ্য ক্লাসে ১৫-২০ জনের মধ্যে একজন ছাত্রী ছিল। তবে সবমিলিয়ে ৬০ থেকে ৬৫ জন উপস্থিত ছিল বলে তিনি দাবি করেন।

অধ্যক্ষ রফিকুল ইসলামের দাবি, শিক্ষকরা মন্ত্রীকে জানিয়েছেন যে নানাভাবে চেষ্টা করেও শিক্ষার্থীদের ক্লাসে আনা যায় না। পরে মন্ত্রী বিষয়টি নজরদারি করার জন্য তিনি তাৎক্ষণিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দিয়েছেন।