যশোরে প্রদর্শনীর মধ্যে দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের শংকরপুর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমানে বাংলাদেশ প্রাণিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

যেকারণে এখন বিদেশ থেকে কোনো প্রাণী আমদানি করতে হয় না। দেশেই মানসম্মত প্রাণিসম্পদ উৎপাদিত হচ্ছে, যা দেশের চাহিদা মিটিয়ে রফতানির প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার এই খাতকে আরও সম্ভাবনাময়ী খাতে পরিণত করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক বখতিয়ার রহমান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, খামারি আল আমিন প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনীতে ১৫টি স্টল অংশ নিয়েছে।