কালীগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

0
ঝিনাইদহের কালীগঞ্জে অরক্ষিত বাবরা রেলগেট এলাকায় মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।। ছবি: সংগৃহীত

ইমতিয়াজ আহমেদ, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কালীগঞ্জে অরক্ষিত রেলগেটগুলো যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গুরুত্বপূর্ণ কয়েকটি রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন রেললাইন পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কালীগঞ্জ ও মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন বিভিন্ন এলাকায় রেললাইন পারাপারের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা দীর্ঘদিন ধরেই অপ্রতুল। কোথাও গেট থাকলেও নেই নিয়মিত গেটম্যান, আবার কোথাও নেই কার্যকর সিগন্যাল বা গেটবার। ফলে ট্রেন আসা-যাওয়ার সময়ও অনেক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করেন, যার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।

"গত কয়েক বছরে এই রেলপথে ট্রেনে কাটা পড়ে
একাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এরপরও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।" 
— 
শমসের কাজী, স্থানীয় বাসিন্দা

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমীন জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ১৫ আপ মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

স্থানীয় বাসিন্দা শমসের কাজী বলেন, গত কয়েক বছরে এই রেলপথে ট্রেনে কাটা পড়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরপরও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে অরক্ষিত রেলগেটগুলোতে গেটম্যান ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য যশোর রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।