গরু চুরির অভিযোগে কালীগঞ্জে গণপিটুনি, নিহত ১ আহত ১

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিনের বাড়িতে চোরচক্র প্রবেশ করে। তারা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে গ্রামের মাঠের মধ্যে একটি গরুসহ দুইজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত নিহত ও আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।