গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিজয় দীর্ঘায়িত করতে হবে : নার্গিস বেগম

0
যশোরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘আমরা আপাতত সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন এই গণতান্ত্রিক ধারাকে দীর্ঘায়িত করতে হবে। এ জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে প্রয়োজনীয় জনশক্তি তৈরি ও কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ববোধ ও সামাজিক প্রয়োজন অনুভব করে আমাদের এগিয়ে যেতে হবে।’

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যের শুরুতে অধ্যাপক নার্গিস বেগম মহান স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুধাবন করে তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটানো হয়েছে—কেন হটানো হয়েছে এবং কী প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন করা হয়েছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের উন্নয়ন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত না করে জাতির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। এ কারণে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে মূলধারার বাইরে থাকা নারীদের রাষ্ট্র গঠনের কাজে যুক্ত করেছিলেন তিনি।

পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ধারা অব্যাহত রেখে নারীদের অংশগ্রহণ আরও বিস্তৃত করেন বলেও উল্লেখ করেন অধ্যাপক নার্গিস বেগম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু ও অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী এবং জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।