চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতাকে কুপিয়ে জখম, বিচ্ছিন্ন হাতের কব্জি

0
চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতাকে কুপিয়ে জখম

রিফাত রহমান, চুয়াডাঙ্গা, লোকসমাজ : চুয়াডাঙ্গা জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ (৪০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখমের কারণে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাহিন শেখ পৌর এলাকার হাটকালুগঞ্জের মরহুম রজব আলীর ছেলে এবং জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।

স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।