চুয়াডাঙ্গার জয়রামপুর রেলওয়ে স্টেশনে ৮ দফা দাবিতে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও পুনর্নিয়োগ চালুর দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার বিকেল ৫টায় জয়রামপুর স্টেশনের প্ল্যাটফর্মে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মসূচি চলাকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি জয়রামপুর স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা সেটিকে ৫ মিনিট থামিয়ে রাখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ের অতিরিক্ত প্রকৌশলী সাইদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে আন্দোলনকারীরা ট্রেনটিকে ছেড়ে দেন।

ছবি: সংগৃহীত।

উল্লেখ্য ব্রিটিশ আমল থেকে চালু থাকা জয়রামপুর স্টেশনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় লোকবল না থাকায় এবং ট্রেন বিরতি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ৮ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:
#.
খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিয়মিত বিরতি চালু করা।
#.অবিলম্বে স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় কর্মী পুনর্বহাল করা।
#.স্টেশনের বন্ধ থাকা লুপ লাইন ও টিকিট বিক্রয় কেন্দ্র চালু করা।
#.ব্রিটিশ আমলের জরাজীর্ণ বিল্ডিং সংস্কার করে মূল নকশায় নতুন ভবন তৈরি করা।
#.পোড়াদহ-গোয়ালন্দঘাট শাটল ট্রেনটি দর্শনা পর্যন্ত বাড়ানো এবং লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো ইত্যাদি।

কর্মসূচিত চলাকালে বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতা ইউসুফ আলী, নাফিজ আক্তার সিদ্দিকী, স্থানীয় জ্যেষ্ঠ নাগরিক পিয়ার আলী, যুবদল নেতা মমিনুল ইসলামসহ অনেকেই।

রেলওয়ের অতিরিক্ত প্রকৌশলী সাইদুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবিগুলো যুক্তিসঙ্গত। তিনি বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করে সমাধানের পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন।