বিজিবির ধাওয়ায় গুলিসহ পিস্তল ফেলে পালালো চোরাকারবারি

0

চুয়াডাঙ্গা ও জীবননগর সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বুধবার সকাল সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৭০/৬-এস এলাকার কাছে অভিযান চালায়।

এ সময় এক অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল ইসকাফ সিরাপের পাশাপাশি পলিথিনে মোড়ানো একটি ৭.৬৫ এমএম আমেরিকান তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং ইসকাফ সিরাপ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।