চৌগাছায় ৫১ দুর্গাপূজা মণ্ডপে ৩০ হাজার ৬০০ কেজি চালের ডিও হস্তান্তর

0
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় রেকর্ড ৫১টি মণ্ডপে ৩০,৬০০ কেজি চালের ডিও হস্তান্তর করা হয়েছে। এবারই প্রথম মণ্ডপপ্রতি ৬০০ কেজি করে বরাদ্দ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু নেতারা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর ॥ চৌগাছায় ৫১ পুজা মন্ডবে ৩০ হাজার ৬শ কেজি চালের ডিও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় মণ্ডপে মণ্ডপে সরকারি এই চালের ডিও তুলে দেওয়া হয়।

উপজেলার মোট ৫১টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সর্বমোট ৩০ হাজার ৬০০ কেজি চালের খাদ্য বরাদ্দ প্রদান করা হয়। এই উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার ৮টি মণ্ডপের সভাপতি ও সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংবাদকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে আমন্ত্রিত নেতৃবৃন্দ স্ব স্ব মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতি মণ্ডপের জন্য নির্ধারিত ৬০০ কেজি করে চালের ডিও তুলে দেন। জানা গেছে, এ বছরই চৌগাছা উপজেলায় সর্বাধিক ৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে এবারই প্রথম মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বৃদ্ধি করে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চালের ডিও পেলেন সনাতন ধর্মাবলম্বীরা।

বরাদ্দকৃত চালের ডিও হাতে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু নেতারা। প্রতিক্রিয়া জানিয়ে মানিক কুমার কুন্ডু বলেন, ৬০০ কেজি চাল কম কথা নয়। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজনে ব্যাপক খরচ হয়ে থাকে; সরকারের দেওয়া এই বিশেষ সহযোগিতা পূজামণ্ডপগুলোর অনেক উপকারে আসবে।