বাগেরহাটে হামলায় কৃষকদল নেতা নিহত, বিএনপি নেতা গুরুতর আহত

ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

0
বাগেরহাটে হামলায় কৃষকদল নেতা নিহত
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত কৃষকদল নেতা বাদল মোড়ল-লোকসমাজ

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, “ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলযোগে বারুইপাড়া থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।”

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।