ঝিনাইদহে চাচাতো ভাইয়ের রামদার কোপে কৃষকের পা বিচ্ছিন্ন, অভিযুক্ত পলাতক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ, লোকসমাজ : ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে আবু মুসা (৩৫) নামে এক কৃষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে দিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ জানিয়েছে, কৃষক আবু মুসা মাঠের কাজ শেষে বাড়ি ফিরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। পথে তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতের স্ত্রী বিউটি খাতুন বলেন, “মামুন আমার স্বামীর চাচাতো ভাই। সে প্রায়ই মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে মারধর করত এবং নানা ঝামেলায় জড়াত। এসব বিষয়ে আমার স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে বাধা দিতেন। সেই ক্ষোভ থেকেই সে আমার স্বামীকে কুপিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন জানান, আহত আবু মুসার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বাম পায়েও ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত মামুন মোল্লা পূর্বে গোয়ালপাড়া বাজারে দোকান চুরির একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।