পূজা মণ্ডপে আর যাওয়া হলো না শোভন ও দিশার: ঝিকরগাছায় নছিমনের ধাক্কায় ঝরে গেল দুই প্রাণ

0
যশোরের ঝিকরগাছায় গরু বোঝাই নছিমন ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পূজা মণ্ডপে যাওয়ার পথে শোভন দাস ও দিশা দাস নামের দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে ।। ছবি: লোকসমাজ

যশোরের ঝিকরগাছায় নছিমন ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় শোভন দাস (১০) ও দিশা দাস (৩) নামের দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুরা মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়াড়া গ্রামের সাধন কুমার দাশের ছেলে ও মেয়ে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ফুলতলা নামক স্থানে।

স্থানীয় ইউপি সদস্য রহমত আলী জানান, অভিভাবকদের সাথে মিশ্রি দেয়াড়া থেকে শিশুদ্বয় ভ্যান যোগে মাগুরা পূজা মন্দিরে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝায় একটি নছিমন সজোরে ধাক্কা দিলে তারা মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সানজিদা খাতুন তাদের মৃত ঘোষণা করেন।

এসময় মারাত্মক আহত মাগুরা গ্রামের আবুল কাশেমের ছেলে ভ্যানচালক আব্দুর রহিম (২৬) ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নছিমন চালক কেশবপুর উপজেলার গরভাঙা গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ কুমার দাস এবং মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার ঝিকরগাছা হাসপাতালে ছুটে আসেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শিশুদ্বয়ের লাশ ঝিকরগাছা হাসপাতালে রয়েছে।

এদিকে অবুঝ দুই শিশুর করুণ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।