শার্শার কায়বায় ভূমি অফিসের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ

0
ছবি: সংগৃহীত।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা ভূমি অফিসের হস্তক্ষেপে রাস্তার পাশে সরকারি গাছ কাটা বন্ধ হয়েছে। উপজেলার কায়বা ইউনিয়নের কোটা এলাকায় জনৈক ইদ্রিস আলী তিনটি মেহগানি গাছ কাটছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কোটা রাইসমিল সংলগ্ন সড়কের পাশের তিনটি বড় মেহগনি গাছ কাটা শুরু করেন ইদ্রিস আলী। বিষয়টি দেখে এলাকাবাসী ইউনিয়ন ভূমি অফিসে অবহিত করেন। খবর পেয়ে ভূমি অফিসের নির্দেশে অফিস সহকারী ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ বন্ধ করে দেন।

অভিযোগের বিষয়ে ইদ্রিস আলী দাবি করেন, গাছগুলো সরকারি জায়গায় নয়, তার নিজস্ব জায়গায় রোপণ করা। গাছগুলো তার নিজের হাতে লাগানো বলেই কেটেছেন।

এ বিষয়ে কায়বা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন জানান, গাছ কাটার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে অফিস সহকারীকে পাঠানো হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের গাছ কাটা সম্পূর্ণ স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। গাছ কাটার স্থান ও মালিকানা নির্ধারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে।