যশোরে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার॥ যশোর সেনানিবাসে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ান হয়েছে।

সোমবার সকালে যশোর সেনানিবাসে মেজর জেনারেল রফিক অডিটরিয়ামে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ান হয়।

স্কুল পর্যায়ে এ প্রতিযোগিতায় সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ান হয়।

প্রতিযোগিতা শেষে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ।

৫৫ পদাতিক ডিভিশনের সদর দপ্তর ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ক্যান্টনমেন্টগুলোর ২৪টি পাবলিক স্কুল ও কলেজের ১২০ জন মেধাবী বিতার্কিক যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরেন। ১৩ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।