বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতারা দ্রুত জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

0

আসিফ কাজল, ঝিনাইদহ :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বলেই এনসিপি নেতারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন। তিনি বলেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহে যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তবে দেশে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়— এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, “তিনি যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারকরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করছেন বলেই তাদের নেতারা মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন।”

বাংলাদেশের বিচারকরা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করতে পারেন দাবি করে তিনি বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ বিচারক সংকট। একই সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবী না থাকায় মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেখানে পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন বিশ্বকাপে নিজের পছন্দের দল হিসেবে আর্জেন্টিনার নাম উল্লেখ করেন আইনমন্ত্রী।

এর আগে তিনি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।