অভয়নগরে ট্যানারি বর্জ্য দূষণ নিয়ে মতামত সভা, ভৈরব নদ রক্ষার দাবি জোরালো

`নওয়াপাড়ার এসএএফ চামড়া শিল্পকারখানা ইটিপি বন্ধ রেখে সরাসরি ভৈরব নদে বর্জ্য ফেলছে"

0
যশোরের অভয়নগরে ট্যানারি বর্জ্য দূষণ ও ভৈরব নদ রক্ষায় আয়োজিত মতামত সভায় অংশগ্রহণকারী বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং সভাকক্ষে উপস্থিত স্থানীয় প্রতিনিধি ও পরিবেশকর্মীরা।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগরে এসএএফ ট্যানারির বর্জ্য দূষণে অস্তিত্ব সংকটে থাকা ভৈরব নদ রক্ষায় এবং আদালতের রায় বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিতে এক মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের আয়োজনে এবং বেলা’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদার।
সভায় মতামত প্রকাশ করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুর, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বেলা’র গবেষক সাফায়েত হোসেন, শিক্ষক সুনীল কুমার দাস, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এস এম ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, বিকাশ চন্দ্র মল্লিক, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য শিক্ষক হাবিবুর রহমান, মোল্যা হাবিবুর রহমান, মো. নুরুজ্জামান, মহসীন হোসেনসহ অনেকে।
সভায় উপকারভোগী বক্তারা অভিযোগ করেন, নওয়াপাড়ার এসএএফ চামড়া শিল্পকারখানা ইটিপি (Effluent Treatment Plant) বন্ধ রেখে সরাসরি ভৈরব নদে বর্জ্য ফেলছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ভৈরব নদ।
বক্তারা আরও বলেন, ভৈরব নদ রক্ষা এখন সময়ের দাবি। নদী সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, অন্যথায় পরিবেশ ও কৃষিজমির ওপর ভয়াবহ প্রভাব পড়বে।