চৌগাছায় মেয়েলি ঘটনায় যুবদল নেতা খুন, বিএনপি কর্মী আহত

মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর), লোকসমাজ :
যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণসাগর গ্রামে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ঝন্টু মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই আশানুর রহমান, যিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, নিহত ঝন্টু মিয়ার এক কিশোরী চাচাতো বোন মঙ্গলবার সকালে দক্ষিণসাগর গ্রামের শান্তি নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দক্ষিণসাগর গ্রামে একটি সালিশ বৈঠক বসে।
সালিশ চলাকালে একই গ্রামের আবু ওবাইদাসহ কয়েকজনের সঙ্গে ঝন্টু মিয়া ও আশানুর রহমানের তর্ক-বিতর্ক হয়। পরে সন্ধ্যায় দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে থাকা অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়।
হামলায় ঝন্টু মিয়া ও আশানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আশানুর রহমানকে পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের আঘাতও ছিলো মারাত্মক, সে কারণে তাকে যশোরে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
তিনি আরও জানান, এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
নিহত ঝন্টু মিয়া চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গাজীপাড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল জানিয়েছেন, নিহত ঝন্টু মিয়া ইউনিয়ন যুবদলের নেতা এবং আহত আশানুর রহমান ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।