কলারোয়ার মুরারীকাটিতে বসেছে দেড়শ বছরের ঐতিহ্যবাহী তালের মেলা

তালশাঁস, পূজা, যাত্রাপালা আর লোকজ উৎসবে মুখর দক্ষিণ মুরারীকাটি

0
সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী তালের মেলায় তালশাঁস বিক্রি ও দর্শনার্থীদের ভিড়ের দৃশ্য
সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী তালের মেলায় তালশাঁস বিক্রি ও দর্শনার্থীদের ভিড় – লোকসমাজ

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ : গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মৌসুমি খাবারের মধ্যে অন্যতম তালের শাঁস। গরমের শেষে তালগাছের কাঁচা ফলের ভেতরের নরম শাঁসকে ঘিরে প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরার কলারোয়ায় বসেছে শতবর্ষী ‘তালের মেলা’।

কলারোয়া পৌরসদরের দক্ষিণ মুরারীকাটি গ্রামে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে টানা চারদিন। স্থানীয়দের কাছে এটি ‘তালশাঁসের মেলা’ নামেও পরিচিত।

জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে উপজেলার দক্ষিণ মুরারীকাটি গ্রামের রাজবংশী সম্প্রদায়ের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এটি এখন ঐতিহ্যবাহী লোকজ উৎসবে পরিণত হয়েছে।

মেলায় সাতক্ষীরাসহ বিভিন্ন উপজেলা থেকে তালশাঁস বিক্রেতারা অংশ নেন। তারা তালগাছ থেকে কাঁচা তাল সংগ্রহ করে শাঁস বের করে বিক্রি করেন। গরমে তালের শাঁসের চাহিদা থাকায় মেলায় ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো।

মেলা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তরা রামায়ের পূজা দেখতে আসেন। পূজা কমিটির সভাপতি নির্মল মণ্ডল জানান, “এই মেলা ও উৎসব প্রায় ১৫০ বছর ধরে চলে আসছে। এখানে মানত অনুযায়ী ২৫ থেকে ৩০ মণ প্রসাদ বিতরণ করা হয়।”

তিনি আরও জানান, মেলায় দুইদিনব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শুরু হওয়া উৎসব শুক্রবার শেষ হবে। শেষ দিনে সকালে শীতলা পূজা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

দক্ষিণপাড়া কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চারদিনজুড়ে জমজমাট পরিবেশে চলে। লোকজ সংস্কৃতি, ধর্মীয় আচার ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধনে এটি এলাকায় বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।

তালের মেলার সার্বিক পরিচালনায় রয়েছেন পূজা কমিটির সভাপতি নির্মল মণ্ডল, সাধারণ সম্পাদক শম্ভু মণ্ডল, অশীষ পোদ্দার, দীনবন্ধু মণ্ডলসহ অন্যরা।